তালেবান সরকারে নেই নারী নেতৃত্ব, কাবুল-বাদাখশানে বিক্ষোভ

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানে কেবল পুরুষদের নিয়ে গঠিত নতুন তালেবান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন নারীরা।

বিবিসি জানায়, কাবুল ও উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ বাদাখশানে কয়েক ডজন নারী রাস্তায় নেমে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, কোনো নারী নেতৃত্ব নেই এমন সরকার তারা কোনোভাবেই গ্রহণ করবেন না।

বিবিসি জানায়, নারীদের ওই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জন্য কয়েকজন নারীর ওপর হামলা করেছে তালেবান। সমাবেশে খবর সংগ্রহের জন্যে যাওয়া কয়েকজন সাংবাদিককে আটক ও মারধর করা হয়েছে বলেও জানা গেছে।

এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তালেবান মুখপাত্র কোনো উত্তর দেননি।

তবে এই ধরনের বিক্ষোভ 'অবৈধ' বলে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে। তালেবান জানিয়েছে, বিক্ষোভকারীদের মিছিল করতে হলে অনুমতি নিতে হবে এবং তাদের "অবমাননাকর ভাষা" ব্যবহার করা উচিত নয়।

গতকাল মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে বিক্ষোভ চলাকালে তিন জন নিহত হয়েছেন।