তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান এনআরএফের
তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানে তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট (এনআরএফ)।
বিবিসি জানায়, সমস্ত তালেবান নেতা ও তাদের সহযোগী এবং কেবল পুরুষ নেতাদের নিয়ে গঠিত এই মন্ত্রিসভাকে 'অবৈধ' বলে মন্তব্য করেছে এনআরএফ।
এনআরএফ জানিয়েছে, 'তালেবানের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা আফগান জনগণের বিরুদ্ধে গোষ্ঠীটির শত্রুতার একটি স্পষ্ট ইঙ্গিত' বলে তারা মনে করছে।
তালেবান কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় এনআরএফকে পরাজিত করার দাবি করলেও এনআরএফ নেতারা বলছেন, তারা এখনও সেখানে লড়াই করছেন।
নতুন সরকারে থাকা বেশ কয়েক জন তালেবান নেতা মার্কিন বাহিনীর উপর হামলায় জড়িত থাকায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তালেবান ঘোষিত নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়া সিরাজ্জুদিন হাক্কানি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'র মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন।
ইইউ জানিয়েছে, তালেবান 'অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল' সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও তারা এমনটি করেনি।