তালেবান সরকারকে স্বীকৃতি দেবে পাকিস্তান

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিসভা আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতির সিদ্ধান্ত নেবে।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানই ছিল পাকিস্তানের স্বার্থ।

তিনি বলেন, 'আমরা শান্তির কথা বলি এবং আমরা আমাদের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। একই সঙ্গে, আমরা অন্যের ভূমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না।'

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আফগানিস্তান থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

তিনি জানান, গত ১৪ আগস্ট থেকে ৬১৩ জন পাকিস্তানি নাগরিক, ৯০০ বিদেশি কূটনৈতিক ও দূতাবাসের কর্মীদের পাকিস্তানে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও তালেবানকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানিয়েছেন তিনি।

এ দিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গতকাল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'কে জানিয়েছেন যে 'আফগানিস্তানের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ঐকমত' গড়ে তোলার জন্য তিনি কয়েকটি দেশ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহমুদ কুরেশি টেলিফোনে ওয়াং ই'কে তার আসন্ন সফরের বিস্তারিত জানিয়েছেন। এতে আরও জানানো হয়, উভয় পররাষ্ট্রমন্ত্রী নিজেদের স্বার্থ বিশেষ করে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যোগাযোগ রাখতে রাজি হয়েছেন।

মাহমুদ কুরেশির বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, 'পাকিস্তান ও সমগ্র অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ।'