তালেবান নেতারা কাবুলে পৌঁছানোর পর আলোচনা শুরু হবে: হেকমতিয়ার

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের হিজবে ইসলামি দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার শুক্রবার বলেছেন, তালেবান নেতারা কাবুলে পৌঁছানোর পর রাজনৈতিক নেতা ও তালেবানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

সাম্প্রতিক বৈঠকগুলো অনানুষ্ঠানিক ছিল বলেও জানিয়েছেন তিনি।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এসব বলা হয়েছে।

টোলো নিউজের সঙ্গে বলার সময় হেকমতিয়ার বলেন, ইঙ্গিত পাওয়া গেছে তালেবানরা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায়।

হেকমতিয়ার বলেছেন, কাবুল বিমানবন্দরে আফগান বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা গ্রহণযোগ্য নয়।

এছাড়া আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস কানুনি তালেবানের তাদের অতীত নীতি অনুসরণের বিরুদ্ধে সতর্ক করেছেন।

মোহাম্মদ ইউনুস কানুনি বলেন, তালেবানদের এ ধরনের উদ্যোগ ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে।

টোলো নিউজ আরও জানিয়েছে, এমন খবরও পাওয়া গেছে- বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সমন্বয়ে একটি আফগান প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করেছেন, যারা এখনো দেশে ফেরেনি।

রিপোর্ট অনুযায়ী, এই নেতাদের কেউ কেউ ইসলামাবাদ থেকে তৃতীয় কোনো দেশে পালিয়ে গেছেন।