তালেবান আতঙ্কে তাজিকিস্তানে পালিয়েছে ৩৪৭ আফগান

স্টার অনলাইন ডেস্ক

তালেবান আতঙ্কে গত দুই দিনে অন্তত ৩৪৭ আফগান প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছেন।

গতকাল বুধবার সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তানের সীমান্ত রক্ষীদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা খবর গতকাল জানিয়েছে যে ‘তালেবানদের হাত থেকে প্রাণ বাঁচাতে শরণার্থীরা আফগানিস্তান থেকে পালিয়ে এসেছে’।

সীমান্ত পার হওয়ার সময় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানের বদখশান প্রদেশ থেকে ৬৪ ছেলে ও ১১৩ মেয়ের একটি দল তাদের গৃহপালিত পশু নিয়ে তাজিকিস্তানে প্রবেশ করেছে।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ‘মানবিক কারণে তাজিক সীমান্ত রক্ষীরা আফগানদের প্রবেশ করতে দিয়েছে।’

সেসময় শরণার্থীদের সঙ্গে ৩০০ ইয়াক, তিনটি উট ও ৩০টি ঘোড়া ছিল।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য চলে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি তালেবান যোদ্ধারা দেশটির অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে।

গত জুনে আফগানিস্তানের সর্ব উত্তরে তাজিকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত চৌকি শির খান বন্দর অবরোধ করে তালেবানরা।

গতকাল তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি স্পিন বলদাক দখল করে নেওয়ার দাবি করে।

যদিও আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সরকারি সৈন্যরা তালেবানদের আক্রমণ প্রতিহত করে সীমান্ত চৌকিটি নিয়ন্ত্রণ করছে।