তালেবানের বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার আফগান নারীরা

স্টার অনলাইন ডেস্ক

 

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে আজও রাস্তায় নেমেছেন নারীরা। তালেবানরা তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ দিলেও তারা সেটি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়েছেন।

বিবিসি জানায়, আজ বৃহস্পতিবার দেশটির বেশ কয়েকটি প্রদেশে বিক্ষোভ হয়েছে। রাজধানী কাবুলে পাকিস্তান দূতাবাসের কাছে কয়েক ডজন নারী বিক্ষোভকারী জড়ো হয়ে 'আমরা স্বাধীনতা চাই' স্লোগান দিয়েছেন। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে তালেবান।

পারওয়ান ও নিমরুজ প্রদেশেও তালেবান বিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে। স্থানীয় আমাজ নিউজের খবরে বলা হয়েছে, পারওয়ানে একটি বিক্ষোভ সমাবেশেও গুলি ছুঁড়েছে তালেবান। সে সময় বিক্ষোভকারীরা 'অস্ত্রের জোরে কেউ আমাদের কণ্ঠকে চুপ করাতে পারবে না' এবং 'পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক' বলে স্লোগান দেন।

afghanistan_protest.jpg
কাবুলে পাকিস্তান দূতাবাসের কাছে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা স্লোগান দিলে তালেবান বাহিনীর এক সদস্য বিক্ষোভকারীদের দিকে বন্দুক তাক করেন। ছবি: রয়টার্স

স্থানীয় কয়েকটি সংবাদপত্র জানিয়েছে, কাবুলের উত্তর-পূর্বে কাপিসা প্রদেশে নারীদের আরেকটি বিক্ষোভ হয়েছে। সূত্রের বরাতে আমাজ নিউজ জানায়, সেখান থেকে বেশ কয়েকজন নারীকে আটক করেছে তালেবান।

এদিকে, বুধবার বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানের হাতে আটক হওয়া দুই সাংবাদিকের শরীরে আঘাতের ছবি সামনে এসেছে। কাবুলে তালেবানদের হাতে গ্রেপ্তারের পর তাদের মারধর করা হয়েছে বলে জানা গেছে।

afghan_journo_2.jpg
বুধবার বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানের হাতে আটক হওয়া দুই সাংবাদিকের শরীরে আঘাতের ছবি সামনে এসেছে। কাবুলে তালেবানদের হাতে গ্রেপ্তারের পর তাদের মারধর করা হয়েছে বলে জানা গেছে। ছবি: রয়টার্স

বার্তা সংস্থা এএফপির সঙ্গে আলাপকালে আলোকচিত্রী নেমাতুল্লাহ নকদি বলেন, 'একজন তালেবান সদস্য আমার মাথায় পা দিয়ে চেপে ধরে, কংক্রিটের সঙ্গে আমার মুখ পিষে দেয়। তারা আমার মাথায় লাথি মেরেছে...আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে।'

আলোকচিত্রী নেমাতুল্লাহ নকদি স্থানীয় এতিলাত রোজ সংবাদপত্রে কাজ করেন। গতকাল বুধবার এক সহকর্মীর সঙ্গে একটি থানার সামনে নারীদের একটি বিক্ষোভ সমাবেশে খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন তিনি।

আইন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে তালেবান।

গতকাল বুধবার কাবুল ও উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে নারীদের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে তাদের ওপর হামলা করেছে তালেবান।

এর আগে গত মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে বিক্ষোভ চলাকালে তিন জন নিহত হয়। তবে এই সহিংসতার অভিযোগ অস্বীকার করেছে তালেবান।