তালেবানের পাঞ্জশির উপত্যকা দখলের দাবি

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জোটের নিয়ন্ত্রণে থাকা পাঞ্জশির উপত্যকা দখলের দাবি করেছে তালেবান।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে পাঞ্জশিরে তালেবান যোদ্ধাদের দলীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে।

তবে তালেবানবিরোধী যোদ্ধারা বলেছেন, তারা এখনো পাঞ্জশিরের 'সব কৌশলগত স্থানে' অবস্থান করছে এবং 'যুদ্ধ চালিয়ে যাচ্ছে'।

ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ) বা উত্তরাঞ্চলীয় জোটের নেতা আহমাদ মাসুদ তালেবানের বিরুদ্ধে 'জাতীয় জাগরণের' ডাক দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অডিও বার্তায় তিনি বলেন, 'দেশের ভেতরে ও বাইরে যে যেখানে আছে সবাইকে আত্মমর্যাদা-স্বাধীনতা রক্ষা এবং দেশের উন্নয়নে জাতীয় জাগরণে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।'

মাসুদ তালেবানকে আইনগত ভিত্তি দেওয়ার অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে।

এর আগে, এনআরএফ মুখপাত্র আলী মাইসাম বিবিসি'কে বলেন, 'তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি।' তিনি তালেবানের দাবি প্রত্যাখ্যান করেছেন।

সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, 'তালেবান ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।'

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বার্তায় বলেছেন, '(পাঞ্জশিরে) এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশে যুদ্ধের সমাপ্তি হলো।'