তালেবানের দখলে জালালাবাদ, পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন কাবুল

স্টার অনলাইন ডেস্ক

'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী'— বাংলার কবির এই প্রত্যয় যেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে একেবারেই অচল। কেননা, তালেবানরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে বিনা যুদ্ধেই। একইসঙ্গে রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে।

আজ রোববার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, তালেবানরা আজ সকালে বিনা যুদ্ধে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ দখল করে নিয়েছে। এখন বড় শহরের মধ্যে শুধু রাজধানী কাবুল সরকারের নিয়ন্ত্রণে আছে।

জালালাবাদ দখলের পর তালেবানরা সেখানকার গভর্নরের কার্যালয়ে তাদের উপস্থিতির ছবি অনলাইনে পোস্ট করেছে।

সেখানকার এক অধিবাসী আহমাদ ওয়ালি বার্তা সংস্থা এএফপি'কে বলেন, 'আমরা ঘুম থেকে ওঠার পর সারা শহরে তালেবানদের পতাকা দেখতে পাই। তারা যুদ্ধ ছাড়াই শহরে প্রবেশ করেছে।'