তালেবানদের প্রতি সরকারি অফিস খুলে দেওয়ার আহ্বান

স্টার অনলাইন ডেস্ক

কাবুল দখলের দুই দিন পর শহরে দৈনন্দিন জীবন স্বাভাবিক করতে সরকারি অফিস আবার খুলে দিতে তালেবানদের অনুরোধ করেছেন রাজধানীর অধিবাসীরা।

গতকাল মঙ্গলবার আফগান সংবাদমাধ্যম টোলোনিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত কয়েক দিনে রাস্তায় অনেক মানুষ দেখা গেলেও শহরের বেশিরভাগ দোকান ও ব্যবসা এখনও বন্ধ আছে।

বাসিন্দারা জানান, যারা আফগান নিরাপত্তা সংস্থায় দায়িত্ব পালন করছিলেন তাদেরকে স্বপদে ফিরিয়ে আনতে হবে এবং তালেবানদের অবশ্যই জনগণকে আশ্বস্ত করতে হবে যে তারা জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় সক্ষম।

তিন সন্তানের জনক আমিনুল্লাহ গণমাধ্যমটিকে বলেন, 'গত তিন দিন ধরে আমার দোকান বন্ধ আছে। জনগণ ভীত ও বিভ্রান্ত।'

কাবুলের এক বাসিন্দা জালালউদ্দিন বলেন, 'দোকানদার, ব্যবসায়ীসহ সব মানুষকে দৈনন্দিনের কাজ চালিয়ে যেতে হবে যাতে জনসাধারণকে সমস্যার সম্মুখীন না হতে হয়।'

শফিক বলেন, 'যদি কেউ রাষ্ট্রপ্রধান না হন, দেশের নিরাপত্তার দায়িত্বে কেউ না থাকেন তাহলে আমরা ভয়ে থাকবো এবং আমাদের বাড়িতে থাকাটাই ভালো হবে।'

বাসিন্দারা সংবাদমাধ্যমটিকে আরও জানান, নির্দিষ্ট পোশাক ছাড়া তালেবানদের দেখে তারা ভয় পাচ্ছেন।

অপর বাসিন্দা সরদার ওয়ালী বলেন, 'তালেবানদের বিভিন্ন পোশাকে দেখে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন। কারণ তারা বুঝতে পারছেন না আসলে কারা তালেবান।'

সরদার ওয়ালী বলেন, 'এখন যেহেতু তালেবানরা ক্ষমতা নিয়েছে, তাদের উচিত সরকারে যোগ দেওয়া যাতে জনগণ যুদ্ধ ও ধ্বংস থেকে মুক্তি পায়।'

তবে তালেবানরা বলেছেন তারা শহরে দৈনন্দিন জীবন স্বাভাবিক করার চেষ্টা করছে।