ঢাকায় বিমসটেক সচিবালয়ে ১০ লাখ ডলার সহায়তা ঘোষণা মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ দেশের জোট বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সচিবালয়ের অপারেশনাল বাজেট বাড়ানোর জন্য ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি এক ভাষণে মোদি বলেন, 'বিমসটেক সচিবালয়ের সক্ষমতা জোরদার করা গুরুত্বপূর্ণ...আমি মহাসচিবকে এটির জন্য একটি রোডম্যাপ তৈরি করার পরামর্শ দিচ্ছি।'
বিমসটেক সচিবালয় ঢাকায় অবস্থিত।
আমাদের নয়াদিল্লি সংবাদদাতা জানান, ভারতীয় প্রধানমন্ত্রী বিমসটেকের জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে একটি শক্তিশালী ক্ষেত্র তৈরি করার কথা জানিয়ে বলেন, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়ানো গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, 'আমাদের অঞ্চল স্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের প্রয়োজন একতা ও সহযোগিতা।'
রাশিয়া-ইউক্রেন সংঘাতের কথা উল্লেখে করে মোদি বলেন, ইউরোপের সাম্প্রতিক ঘটনাবলী আন্তর্জাতিক শৃঙ্খলার স্থিতিশীলতার উপর প্রশ্ন চিহ্ন উত্থাপন করেছে। এটি আঞ্চলিক সহযোগিতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
তিনি আরও বলেন, 'বঙ্গোপসাগরকে সংযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তার সেতু হিসেবে গড়ে তোলার সময় এসেছে।'
বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো—ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।