ছেলে-মেয়েদের শ্রেণিকক্ষ আলাদা থাকবে: তালেবান

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত মন্ত্রী আবদুল বাকী হাক্কানি বলেছেন নতুন সরকারে অধীনে ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষ আলাদা থাকবে।

গতকাল রোববার আফগান সংবাদমাধ্যম টলোনিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে আলাপকালে হাক্কানি বলেন, 'আফগান মেয়েদের লেখাপড়ার অধিকার আছে। কিন্তু, তারা ছেলেদের সঙ্গে একই শ্রেণিকক্ষে পড়াশোনা করতে পারে না।'

তিনি আরও বলেন, 'মেয়েদের নিরাপদ শিক্ষার পরিবেশ দেওয়া হবে।'

এ দিকে, একই অনুষ্ঠানে সাবেক উচ্চশিক্ষা মন্ত্রী আব্বাস বসির জানান, আফগানিস্তান গত দুই দশকে শিক্ষা ক্ষেত্রে যে অর্জন করেছে তালেবানরা তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, 'উচ্চশিক্ষা মন্ত্রণালয় নিয়ম তৈরির ক্ষেত্রে অন্য যেকোনো বিভাগের চেয়ে ভালো অগ্রগতি অর্জন করেছে।'

নতুন ভারপ্রাপ্ত উচ্চশিক্ষা মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই আবার চালু হবে এবং শিক্ষক ও মন্ত্রণালয়ের কর্মচারীদের বেতন দেওয়া হবে।