চীনের অর্থায়নের ওপর নির্ভর করব: তালেবান
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার ও দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান মূলত চীনের অর্থায়নের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলা হয়েছে, ইতালীয় সংবাদপত্র 'লা রিপাবলিকা'কে এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেছেন, 'চীনের সহায়তায় অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই করবে তালেবান।'
তিনি আরও বলেন, 'চীন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী। তারা আমাদের মৌলিক ও অনন্য সুযোগ দিচ্ছে কারণ তারা আমাদের দেশে বিনিয়োগ ও পুনর্গঠনে সহায়তা দিতে প্রস্তুত।'
চীনের তৈরি অবকাঠামো নিউ সিল্ক রোড তালেবানের জন্য একটি মূল্যবান সুযোগ হবে বলে জানান তিনি।
তালেবান মুখপাত্র আরও বলেন, 'আফগানিস্তানে সমৃদ্ধ তামার খনি রয়েছে। চীনকে ধন্যবাদ। তাদের সহায়তায় এখানে আবার উৎপাদন শুরু ও এগুলো আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে চীনের মাধ্যমে আমরা সারা বিশ্বের বাজারে পৌঁছাবো।'
সাক্ষাৎকারে জাবিউল্লাহ মুজাহিদ আবারও নিশ্চিত করেছেন যে, ভবিষ্যতে আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
তিনি জানান, নারীরা নার্স হিসেবে, পুলিশে বা মন্ত্রণালয়ে সহযোগী হিসেবে কাজ করতে পারবে। তবে মন্ত্রিসভায় কোনো নারীর থাকার সম্ভাবনা উড়িয়ে দেন তিনি।
গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে ইউরোপ-আমেরিকা সমর্থিত সরকারের পতন ঘটে। দেশটিতে গত ২০ বছরের যুদ্ধের অবসান ঘটলেও অর্থনৈতিক বিপর্যয় ও দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি কাবুল বিমানবন্দর থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর পশ্চিমের দেশগুলো আফগানিস্তানে তাদের ত্রাণ সহায়তা ব্যাপক হারে কমিয়ে দিয়েছে।