ক্ষমতা হস্তান্তরে আফগান সরকারের সঙ্গে আলোচনায় তালেবান
যুদ্ধবিধ্বস্ত আফগান সরকার দেশটির ভবিষ্যৎ নিয়ে তালেবানদের সঙ্গে আলোচনা করছে। আজ রোববার সিএনএন'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইতোমধ্যে রাজধানী কাবুলকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে তালেবান বাহিনী।
ভারপ্রাপ্ত আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আব্দুল সাত্তার মিরজাকওয়াল জানান, কাবুলে আক্রমণ করা হবে না এবং তারা শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তবে, অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো কীরকম হবে তা তিনি জানাননি।
আফগান সংবাদ সংস্থা টোলো'র কাছে এক ভিডিও বার্তায় কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তা বাহিনী শহরটিকে সুরক্ষিত রাখবে।
একই সময়ে তালেবানরা এক বিবৃতিতে জানায়, তারা 'প্রতিপক্ষের' সঙ্গে রাজধানীর শান্তিপূর্ণ আত্মসমর্পণ নিয়ে আলোচনা করছে।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ জানান, সব যোদ্ধাকে কাবুলের প্রবেশপথগুলোতে অবস্থান নিতে বলে হয়েছে, যতক্ষণ পর্যন্ত না শান্তিপূর্ণ ও সন্তোষজনক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সমঝোতায় আসা যায়।