কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে নিহত অন্তত ৬০
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় মার্কিন সেনাসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন।
আজ বৃহস্পতিবার কাবুলের এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিস্ফোরণে অন্তত ১২ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে অন্তত ৬০ জন নিহত ও ১৪০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিএনএন জানিয়েছে, বিমানবন্দরের বাইরে অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতোমধ্যে ইসলামিক স্টেট এই হামলায় দায় স্বীকার করেছে। টেলিগ্রামে দেওয়া বার্তায় 'এটি একটি আত্মঘাতী হামলা ছিল' বলে তারা জানিয়েছে।
এর আগে তালেবানের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ১৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে কাবুলের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়, হাসপাতালের বাইরে আহত বহু নারী-পুরুষ ও শিশু চিকিৎসার জন্য অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনাকে মার্কিন কর্মকর্তারা 'আত্মঘাতী হামলা' বলে উল্লেখ করেন।