কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা, উড়োজাহাজে উঠতে হুড়োহুড়ি

স্টার অনলাইন ডেস্ক

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়েছেন হাজার হাজার আফগান ও সেখানে অবস্থানরত বিদেশিরা।

আজ সোমবার সকালে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগমনেচ্ছুদের ঢল দেখা যায়।

বার্তা সংস্থা এএফপি'র বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জনস্রোত নিয়ন্ত্রণে আনতে সেখানকার নিরাপত্তায় নিয়োজিত মার্কিন সেনাদের ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষ উড়োজাহাজে চড়ার আশায় রানওয়েতে এসে জড়ো হন।

সেখানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ নিয়ম ভেঙে ও হুড়োহুড়ি করে উড়োজাহাজে ওঠার চেষ্টা করছেন।

বিবিসি'র প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে বিমানবন্দর ছাড়াও কথা শোনার পর সেখানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েন। এরপর সৃষ্টি হয় চরম হট্টগোল।

বিবিসি'র দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান নিকোলা কারিম টুইটারে কাবুল বিমানবন্দরের একটি ভিডিও ক্লিপ দিয়ে বলেন, 'আমার দেখা এটি সম্ভবত আফগানিস্তানের সবচেয়ে দুঃখজনক চিত্র। এক দল মানুষকে ত্যাজ্য করা হয়েছে। কোনো সহায়তাকারী সংস্থা নেই, নেই জাতিসংঘ, নেই সরকার। কিছুই নেই।'

এরপর উত্তেজনা ছড়িয়ে পড়লে কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, 'লুটপাট ও অপহরণ ঠেকাতে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়েছে। দয়া করে কেউ বিমানবন্দরে আসবেন না।'