কাবুল বিমানবন্দরে ‘আত্মঘাতী হামলা’য় নিহত অন্তত ১৩
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে 'আত্মঘাতী হামলা'র ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তালেবানের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে কাবুলের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়, হাসপাতালের বাইরে আহত বহু নারী-পুরুষ ও শিশু চিকিৎসার জন্য অপেক্ষা করছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনাকে মার্কিন কর্মকর্তারা 'আত্মঘাতী হামলা' বলে উল্লেখ করেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি এক টুইটে কাবুল বিমানবন্দরের বাইরে এই 'আত্মঘাতী হামলা'র বিষয়টি নিশ্চিত করেন।
একজন মার্কিন কর্মকর্তা প্রাথমিক তথ্যের বরাত দিয়ে রয়টার্সকে জানান, এ ঘটনায় আহতদের মধ্যে তিন জন মার্কিন সেনা সদস্য আছেন।
গতকাল বুধবার দেওয়া একটি সতর্কবার্তায় কাবুলে মার্কিন দূতাবাস নাগরিকদের বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল।