কাবুল বিমানবন্দরে আজ আবারও রকেট হামলা
মার্কিন কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আজ সোমবার ভোরে আরও পাঁচটি রকেট হামলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, 'প্রাথমিক প্রতিবেদনে সর্বশেষ রকেট হামলায় কোনো আমেরিকানের হতাহতের সংবাদ পাওয়া যায়নি।'
আফগান গণমাধ্যমের প্রতিবেদন মতে, একটি গাড়ির পেছন থেকে রকেট হামলা চালানো হয়েছে।
পাঝোক সংবাদ সংস্থার মতে, কাবুলের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি রকেট আঘাত হেনেছে।
এ দিকে, তালেবানের সঙ্গে ওয়াশিংটনের মধ্যে চুক্তি অনুযায়ী আগামীকালের মধ্যেই মার্কিন ও মিত্র বাহিনী তাদের অবশিষ্ট নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দ্রুতগতিতে কাজ করছে।