কাবুল বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

স্টার অনলাইন ডেস্ক

কাবুল বিমানবন্দরের বাইরে একজন আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখার (আইএস-কে) একজন সম্ভাব্য আত্মঘাতী গাড়িবোমা হামলাকারীকে লক্ষ্য করে অভিযানটি চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসি জানায়, আজকের লক্ষ্যবস্তুতে হামলায় সাফল্যের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর দ্বিতীয় বিস্ফোরণ থেকে বোঝা যায় সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে এই ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।

যুক্তরাষ্ট্রের হামলার কথা নিশ্চিত করেছে তালেবানের একজন মুখপাত্রও। অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানান, গাড়িতে থাকা একজন সন্দেহভাজন বোমা হামলাকারীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে।

এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে কাবুল বিমানবন্দরের বাইরে একটি রকেট হামলার খবর জানানো হয়। তবে এটি পৃথক ঘটনা কিনা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা—আইএসকেপি। এর পর আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন।