কাবুল বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খলায় ৭ জন নিহত

স্টার অনলাইন ডেস্ক

কাবুল বিমানবন্দরের বাইরে অতিরিক্ত ভিড়ের কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় সাত আফগান নিহত হয়েছেন।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরে হাজারো মানুষ জড়ো হয়ে তাড়াহুড়া করে উড়োজাহাজে ওঠার চেষ্টা করেন। সেসময় সাত বেসামরিক আফগান প্রাণ হারান।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, 'কাবুলে ভিড়ের কারণে সাত আফগান বেসামরিক ব্যক্তির দুঃখজনক মৃত্যুর ঘটনায় আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'

বিবৃতিতে আরও বলা হয়, 'অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা এই পরিস্থিতি সুষ্ঠু ও নিরাপদে মোকাবিলার চেষ্টা করছি।'