কাবুলে স্কুলে বিস্ফোরণে নিহত অন্তত ৬
আফগানিস্তানের পশ্চিম কাবুলের একটি স্কুলে ৩টি বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানিয়েছেন আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা।
আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাবুলের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ওই এলাকায় ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি উচ্চ বিদ্যালয়ে এ বিস্ফোরণের ঘটনায় শিয়া সম্প্রদায়ের কয়েকজন নিহত হয়েছেন।
পরে তিনি জানান, বিস্ফোরণে ৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান জানান, বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
রয়টার্স বলছে, আরেকটি মেডিকেল সেন্টার জানিয়েছে- বিস্ফোরণে তাদের ওখানে একজন নিহত ও ১০ কিশোর আহত হয়েছে।
তাত্ক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের তালেবান শাসকরা বলছেন, আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তারা দেশটিকে সুরক্ষিত রেখেছেন। তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, সেখানে জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি এখনো আছে এবং ইসলামিক স্টেট (আইএস) বেশ কয়েকটি হামলার দাবি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিস্ফোরক ডিভাইসগুলো লুকানো ছিল এবং একটি স্কুল গেটের ভিতরে বিস্ফোরিত হয়।
সেভ দ্য চিলড্রেনস আফগানিস্তান কান্ট্রি ডিরেক্টর ক্রিস নিয়ামন্ডি এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিস্ফোরণে শিশুদের আহত ও নিহতের খবরে আমরা গভীরভাবে শোকাহত।
সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ, হাসপাতাল ও স্কুলসহ পশ্চিম কাবুলের হাজারা সংখ্যালঘুদের ওপর একের পর এক প্রাণঘাতী হামলা দমনে প্রশাসন ব্যর্থ হয়েছে। গত মে'তে ওই এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮০ জন নিহত হয়, যাদের অধিকাংশই ছাত্রী ছিল।