কাবুলে সামরিক হাসপাতালের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত অন্তত ১৯

স্টার অনলাইন রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন ও ৪৩ জন আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ মঙ্গলবার আল-জাজিরা এ খবর জানিয়েছে।

তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র বিলাল করিমি সাংবাদিকদের বলেন, 'কাবুলের ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশপথে অন্তত ২টি বিস্ফোরণ ঘটেছে।'

এটি গাড়ি বোমা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছে।

বিলাল করিমি এক টুইটার বার্তায় বলেন, 'ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হতাহতের কোনো তথ্য নেই।'

হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী ঘটনাস্থল থেকে পালানোর পর জানান, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং কয়েক মিনিট ধরে গোলাগুলির শব্দও পেয়েছেন।

এর প্রায় ১০ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণ হয় বলেও জানান তিনি।

বিস্ফোরণে হতাহতের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খোস্তি নিশ্চিত করেছেন।

তবে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।