কাবুলে মার্কিন দূতাবাসে হেলিকপ্টার, আফগানিস্তান ছাড়ছেন কূটনীতিকরা!

স্টার অনলাইন ডেস্ক

তালেবানদের হাতে আজ রোববার সকালে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের পতনের পর রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসে হেলিকপ্টার উঠা-নামা করতে দেখা গেছে।

বার্তা সংস্থা এপি'র বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন'র এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কূটনীতিকদের সাঁজোয়া গাড়ি দূতাবাস এলাকা ছাড়ার পর সেখানে হেলিকপ্টারের আনা-গোনা দেখা যায়।

তবে, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, দূতাবাসের ছাদে ধোঁয়া উঠতে দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে সেখানে কোনো গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন সেনা কর্মকর্তা উল্লেখিত ঘটনাগুলো সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

তালেবানদের হাতে আজ নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের পতনের পর এখন আফগান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে দেশটির রাজধানী কাবুল ও সাতটি প্রাদেশিক রাজধানী। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ২৭টি প্রদেশ ইতোমধ্যে তালেবানরা দখল করে নিয়েছে।

তালেবানবিরোধীদের ঘাঁটি মাজার-ই-শরিফের পতন

তাজিক জাতিগোষ্ঠী অধ্যুষিত ও তালেবানবিরোধীদের শক্ত ঘাটি মাজার-ই-শরিফের পতন হয়েছে গতকাল শনিবার। এটি বলখ প্রদেশের রাজধানী ও আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর।

প্রদেশের এক আইনপ্রণেতা আব্বাস ইব্রাহিমজাদা গণমাধ্যমকে বলেন, 'জাতীয় নিরাপত্তা বাহিনী প্রথমেই আত্মসমর্পণ করলে সরকার পক্ষের মিলিশিয়ারা প্রতিরোধের মনোবল হারিয়ে ফেলে। তালেবানদের হামলার মুখে তারা নতি স্বীকার করে।'

তিনি আরও বলেন, 'এই প্রদেশের দুই সাবেক যোদ্ধা আবদুর রশিদ দোস্তাম ও আতা মোহাম্মদ নূর এখান থেকে পালিয়ে গেছেন। তাদের অধীনে কয়েক হাজার সেনা রয়েছে।'