কাবুলে তালেবান নেতা বারাদারের সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাৎ

স্টার অনলাইন ডেস্ক

সিআইএ প্রধান উইলিয়াম বার্নস কাবুলে তালেবান নেতা আবদুল গনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আজ এই খবর জানিয়েছে।

এপির সূত্র জানিয়েছে, কাবুল বিমানবন্দরে চলমান উদ্ধার অভিযানের মধ্যে বৈঠকটি হয়েছে।

ওয়াশিংটন পোস্ট প্রথমে বারাদারের সঙ্গে বার্নসের বৈঠকের খবর দিয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করার এখতিয়ার না থাকায় মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমটিকে এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

abdul_ghani.jpg
আবদুল গনি বারাদার (মাঝে)। ছবি: রয়টার্স

তালেবানের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার দলটির রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে কাজ করছেন। আফগানিস্তানে টেকসই শান্তি ও অস্ত্র বিরতি নিয়ে দোহার আলোচনা দলটির একজন সদস্য তিনি।

মোল্লা ওমরের সবচেয়ে বিশ্বস্ত কমান্ডারদের একজন হিসেবে পরিচিত বারাদারকে পাকিস্তানের দক্ষিণ করাচিতে ২০১০ এ গ্রেপ্তার করা হলেও ২০১৮ সালে ছেড়ে দেওয়া হয়।

পেন্টাগন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তান থেকে প্রায় ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাবুল থেকে বিদেশি নাগরিক ও তাদের সহযোগীদের সরিয়ে নিতে মার্কিন বিমান বাহিনী এখন জোর তৎপরতা চালাচ্ছে।