কাবুলে হামলা: ভুল করে ১০ জনকে হত্যার ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের কাবুলে গত আগস্টে মার্কিন ড্রোন হামলায় ভুল করে ১০ জনকে হত্যার ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, গত বৃহস্পতিবার প্রতিরক্ষা বিভাগের পলিসি বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল এবং আফগানিস্তানে সক্রিয় একটি এইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্টিভেন কোনের বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কয়েক দিন আগে ২৯ আগস্ট মার্কিন ড্রোন হামলায় জামাইরি আহমদী নামের এক ত্রাণকর্মী ও ৭ শিশুসহ তার পরিবারের ১০ সদস্য মারা যান।  ওইদিন আহমদীর গাড়ি ৮ ঘণ্টা ধরে নজরে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা। ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) সঙ্গে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছিল।

ড্রোন দিয়ে দেখা যায়, গাড়ির বুটে বিস্ফোরকের মতো দেখতে কিছু একটা তুলছিলেন আহমদী। ফলে যুক্তরাষ্ট্র গাড়িতে মিসাইল হামলা চালায়।

পরে জানা যায়, ওইগুলো বিস্ফোরক নয়, পানির কন্টেইনার ছিল। জেনারেল ম্যাককেঞ্জি এই ঘটনাকে 'মর্মান্তিক ভুল' হিসেবে আখ্যায়িত করেছেন। এই পরিবারের বেঁচে থাকা সদস্যদের যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করতে সাহায্য করার জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।