কাবুলে কানাডার দূতাবাস বন্ধ, কর্মীদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ
কাবুলে নিজেদের দূতাবাসে কার্যক্রম স্থগিত করেছে কানাডা।
সিএনএন জানায়, কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 'আফগানিস্তানের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আমাদের যে সক্ষমতা সেটিও গুরুতর চ্যালেঞ্জের মুখে। আফগানিস্তানে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পরামর্শের পর, কাবুলে আমাদের কূটনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বিবৃতিতে আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়ে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কানাডা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'আমরা আফগানদের, বিশেষ করে নারী ও জাতিগত সংখ্যালঘুরা তালেবান দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলে যে অবিচারের মুখোমুখি হয়েছিল, তা বন্ধ করার আহ্বান জানাই। কানাডা আফগানিস্তান ও আফগান জনগণকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।'
আজ রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখল করতে চলেছে তালেবান। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ কাবুলের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে।
আফগানিস্তানের শীর্ষ মার্কিন কূটনীতিক, রস উইলসন কাবুলের দূতাবাস ছেড়ে গেছেন। কয়েকটি সূত্র জানায়, তাকে বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে।
এদিকে, সোমবারের মধ্যেই কাবুল থেকে দূতাবাসের সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে সাংবাদিকদের এ কথা জানান।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এক টুইটে জানান, রোববার সকালে কাবুল দূতাবাসের সমস্ত কর্মীদের বিমানবন্দরের সামরিক অংশে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে জরুরি বৈঠক শেষে আফগানিস্তান থেকে কর্মীদের নিরাপত্তা ও ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।