কাবুলে ঈদগাহ মসজিদের গেইটের কাছে বিস্ফোরণ, বহু হতাহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের গেইটের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার এ বিস্ফোরণের ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।
এপি জানায়, যে সময়ে এ বিস্ফোরণ ঘটানো হয় মসজিদের ভেতর তখন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটে ওই বিস্ফোরণে বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানান।
তালেবানের মুখপাত্র বিলাল করিমি এপিকে জানান, বিস্ফোরনে তালেবান সদস্যদের কেউ আহত হননি। এ ঘটনায় মসজিদের গেটের বাইরে থাকা বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তিনি নিহতের সংখ্যা জানাননি। জানতে চাইলে এ বিষয়ে এখনো তদন্ত চলছে বলে জানান তিনি।
এদিকে, ইতালীয় অর্থায়নে পরিচালিত কাবুলের একটি হাসপাতাল জানিয়েছেন, বিস্ফোরণে আহত চার জন তাদের হাসপাতালে চিকিৎসাধীন।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।