কাবুলে আইএস আরও হামলা চালাতে পারে: যুক্তরাষ্ট্র

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ইসলামিক স্টেট (আইএস) আরও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি বলেছেন, 'যেহেতু লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত আছে তাই আইএস কাবুলে আরও হামলা চালাতে পারে। এই বিষয়ে মার্কিন কমান্ডাররা সতর্ক অবস্থানে আছে।'

তিনি জানান, আইএস কাবুল বিমানবন্দরকে লক্ষ্য করে রকেট হামলা বা গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাতে পারে।

কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫৯ জন।