কাবুলের হাসপাতালে হামলায় জ্যেষ্ঠ তালেবান কমান্ডার নিহত

স্টার অনলাইন ডেস্ক

কাবুলের একটি হাসপাতালে আইএসএস এর হামলায় তালেবানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার হামদুল্লাহ মোখলিস নিহত হয়েছেন।

আজ বুধবার সংবাদমাধ্যম আলআরাবিয়া নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামদুল্লাহ হাক্কানি নেটওয়ার্কের সদস্য ছিলেন। তালেবানরা কাবুল দখলের পর যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে তিনিই সবচেয়ে উচ্চ পদে কর্মরত ছিলেন।

আল-আরাবিয়া নিউজ তালেবান কর্মকর্তার বরাত দিয়ে জানায়, 'যখন তিনি জানতে পারেন সর্দার দাউদ খান হাসপাতালে হামলা হয়েছে, কাবুল কর্পস এর কমান্ডার মৌলভি হামদুল্লাহ (মোখলিস) শিগগির ঘটনাস্থলে ছুটে যান।'

সেই কর্মকর্তা আরও বলেন, 'আমরা তাকে থামানোর চেষ্টা করি, কিন্তু তিনি হাসতে থাকেন। পরে আমরা জানতে পারি হাসপাতালে মুখোমুখি সংঘর্ষে তিনি শহীদ হয়েছেন।'

কাবুলের প্রধান সামরিক হাসপাতালে গত মঙ্গলবারের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আইএসএস।

আক্রমণ শুরু হয় একটি আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে। গেটের সামনে বোমা বিস্ফোরণের পর বন্দুকধারীরা হাসপাতালে ঢুকে পড়েন।

জবাবে, তালেবান আশেপাশের দালানের ছাদে হেলিকপ্টার থেকে বিশেষ বাহিনীর যোদ্ধাদের নামায়। 

ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থা এএফপিকে জানায়। গোলাগুলি শুরু হওয়ার পর রোগী ও ডাক্তাররা দালানের উপরের তলার কক্ষগুলোর ভেতর থেকে তালা দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন।

আইএস-কে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তাদের আনুষ্ঠানিক চ্যানেলে একটি বিবৃতি দিয়ে জানায়, '৫টি আইএস যোদ্ধা দল একইসঙ্গে এবং সমন্বিত ভাবে হামলা চালিয়েছে।'

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, দ্রুত প্রতিরোধ গড়ে ১৫ মিনিটের মধ্যে হামলার অবসান ঘটানো হয়েছে। তিনি আইএস-কে'র দাবি করা নিহতের সংখ্যা মেনে নেননি।