কাবুলের কয়েকটি এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তালেবান 

স্টার অনলাইন ডেস্ক

তালেবানবিরোধী বিক্ষোভের মুখে রাজধানী কাবুলের কয়েকটি এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। 


আফগানিস্তানের সাংবাদিক বিলাল সাওয়ারি এক টুইটে জানান, টেলিকম সেক্টরের বেশ কয়েকটি সূত্র তাকে নিশ্চিত করেছে যে তালেবানরা বেশ কয়েকটি জেলায় সাময়িকভাবে মোবাইল ফোনের ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দিয়েছে।
বিবিসি জানায়, আজ বৃহস্পতিবারও আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে তালেবান বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নারীরা।  কাবুলে পাকিস্তান দূতাবাসের কাছে কয়েক ডজন নারী বিক্ষোভকারী জড়ো হয়ে 'আমরা স্বাধীনতা চাই' স্লোগান দিয়েছেন। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে তালেবান।

এদিকে, পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী জোটের বিখ্যাত নেতা আহমদ শাহ মাসউদের মাজারে গিয়ে তালেবান সদস্যরা সেখানে ভাঙচুর চালাচ্ছেন এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
গত মঙ্গলবার আফগানিস্তানের শেষ প্রদেশ হিসেবে তালেবান পাঞ্জশির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানালেও এমন দাবি অস্বীকার করেছে তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট। এনআরএফ জানিয়েছে, পাঞ্জশিরে লড়াই চলছে।