এখনো দেশ ছাড়ার অপেক্ষায় বিমানবন্দরে হাজার হাজার আফগান
তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের ছয় দিন পরেও হাজার হাজার আফগান দেশ ছাড়তে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে ভিড় জমিয়েছে।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যারা বিমানে ওঠার চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে তারাসহ আফগানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন গুজবে কান না দিয়ে বাড়িতে থাকে এবং জীবনের ঝুঁকি না নেয়।
পাঞ্জশিরের বাসিন্দা মুবারেজ বলেন, গত এক সপ্তাহে কিছু মানুষকে ফোনে এবং ম্যাসেজের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে বিমানবন্দরের গেটে আসতে অবহিত করা হয়েছে। কিন্তু, আমরা এখানে কাগজপত্রবিহীন অনেক মানুষকে দেখতে পাচ্ছি। যারা অন্যদের জন্য বাধা সৃষ্টি করছে।
কাবুলের বাসিন্দা এলহাম বলেন, মানুষ তাদের পরিচয়পত্র নিয়ে এখানে আসছে এবং তাদের ধারণা সবাইকে স্থানান্তর করা হবে। তাদের কাছে আমার অনুরোধ দয়া করে এখানে ঝামেলা করবেন না।
বিমানবন্দরে আগতদের মধ্যে মহিলা এবং শিশু আছে। তাদের কেউ কেউ প্রত্যন্ত প্রদেশ থেকেও এসেছেন।
কাবুলের আরেক বাসিন্দা মুমতাজ বলেন, আমাদের বৈধ কাগজপত্র আছে। তারপরেও চার দিন ধরেও চলে যেতে পারছি না।
কাবুলের বাসিন্দা আলী বলেন, তালেবান আসার পর আমি এখন নিজের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, তাই আমি আফগানিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।