ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা
ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
একাধিকবার বিস্ফোরণের জোরালো শব্দ পাওয়া গেলেও টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট আশরাফ ঘানি অবিচলিত থেকে নামাজ আদায় করছেন।
রকেটগুলো আনুমানিক সকাল ৮টায় ছোঁড়া হয়েছিল। বিস্ফোরণের শব্দ সমগ্র গ্রিন জোন এলাকাজুড়ে শোনা গেছে, যেখানে রয়েছে প্রাসাদটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস।
নামাজের পর ঘানি বক্তৃতা দেন এবং তা স্থানীয় সব গণমাধ্যমে প্রচারিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই জানান, ঈদের ছুটির শুরুতে রাজধানী কাবুলে অন্তত তিনটি স্থানে রকেট হামলা চালানো হয়েছে।
‘আজ আফগানিস্তানের শত্রুরা কাবুল শহরের বিভিন্ন অংশে রকেট হামলা চালিয়েছে’, জানান স্টানেকজাই।
তিনি আরও জানান, প্রতিটি রকেটের লক্ষ্যবস্তু ভিন্ন ছিল এবং প্রাথমিক তথ্য অনুযায়ী কেউ হতাহত হননি।
স্টানেকজাই বলেন, ‘আমাদের দলগুলো তদন্ত করছে।’
এর আগেও, প্রেসিডেন্ট প্রাসাদের উদ্দেশ্যে রকেট হামলা চালানো হয়েছিল। সর্বশেষ হামলাটি হয় গত ডিসেম্বরে।
অন্যান্য বছরের মতো এবার তালেবান বাহিনী ঈদের ছুটির সময় অস্ত্র বিরতি ঘোষণা করেনি।
গত সোমবার তালেবানকে হামলা বন্ধের আহ্বান জানায় ১৫টি কূটনৈতিক মিশন ও কাবুলে ন্যাটোর প্রতিনিধিরা। এর আগে, দোহায় একটি বৈঠকে তালেবান নেতৃবৃন্দ ও আফগানিস্তানের সরকারের মধ্যে অনুষ্ঠিত অস্ত্রবিরতি সংক্রান্ত আলোচনা ব্যর্থ হয়।