ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ?

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব 'অসাংবিধানিক' বলে নাকচ করে দেওয়ার আদেশটি কতটা সাংবিধানিক ছিল সে সম্পর্কে রুল দেবেন দেশটির সুপ্রিম কোর্ট।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পঞ্চম দিনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই রুল দিতে পারেন।

গতকাল প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ও ক্ষমতাসীন পিটিআইয়ের আইনজীবীসহ সরকার পক্ষের যুক্তি শুনেন। এর আগের দিন বিরোধীদের যুক্তি শোনা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, আজ প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী এজিপি খালিদ জাভেদ খান ও জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসার শুনানিতে অংশ নেবেন।

গতকাল শুনানির পর প্রধান বিচারপতি বান্দিয়াল বলেছিলেন, 'সুপ্রিম কোর্ট এই মামলা দ্রুত শেষ করতে চায়।'