‘আমাদের রক্ষা করুন’ আফগান সাংবাদিকদের খোলা চিঠি
জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংগঠন এবং মিডিয়া-সমর্থিত সংগঠনগুলোর কাছে খোলা চিঠি লিখেছেন আফগান সাংবাদিক, ক্যামেরাম্যান এবং ফটোগ্রাফাররা। চিঠিতে তালেবান হুমকি থেকে তাদের রক্ষার আহ্বান জানিয়েছেন।
গত শনিবার ওই চিঠিটি প্রকাশিত হয় এবং তাতে এবং ১৫০ জন সাংবাদিক স্বাক্ষর করেন। আজ সোমবার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, মিডিয়া কর্মীদের পাশাপাশি তাদের পরিবার ও সম্পত্তির ক্রমবর্ধমান চ্যালেঞ্জ ও হুমকির কথা বিবেচনা করে আমরা জাতিসংঘ এবং দাতা দেশগুলোর কাছে জীবন ও আমাদের পরিবার রক্ষার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কয়েকজন মিডিয়া কর্মী বলেছেন, বিশ্বকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি দেখতে হবে না। বরং আফগান সাংবাদিকদের রক্ষার উদ্যোগ নেওয়া উচিত। যারা বাক স্বাধীনতার জন্য গত দুই দশক ধরে কাজ করেছেন।
সাংবাদিক আহমাদ নাভিদ কাওশ বলেন, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশ্বকে আমাদের জীবন এবং পরিবার রক্ষায় ব্যবস্থা নিতে হবে।
আরেক সাংবাদিক রাফিউল্লাহ নিকজাদ বলেন, আমরা অনিশ্চয়তার মধ্যে বাস করছি। আমরা জানি না ভবিষ্যতে কী হবে। বিশ্বের দেশগুলোকে অবশ্যই আমাদের কণ্ঠস্বর শুনতে হবে।
গত ১৫ আগস্ট আফগান সরকারের পতনের পর এই চিঠি এলো। সরকার পতনের পর দেশটিতে অসংখ্য সাংবাদিক এবং মিডিয়া কর্মী বিশেষ করে নারীরা আর কাজ করছেন না এবং অনিশ্চয়তার মধ্যে বাস করছেন।
নারী সাংবাদিক নাজিফা আহমাদি তাদের একজন। তিনি তার মিডিয়া কোম্পানি বন্ধ হওয়ার পর থেকে আর কাজ করছেন না।
আহমাদি বলেছেন, পরিবারে তিনি একমাত্র উপার্জনকারী ছিলেন এবং জানেন না কীভাবে তার পরিবারকে খাওয়াবেন।
তিনি বলেছেন, অসংখ্য সাংবাদিকের ভাগ্য জানা নেই। তালেবানের উচিত নারী মিডিয়া কর্মীদের কাজ করতে দেওয়া। কারণ, তাদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনকারী।