আমরা হামলাকারীদের খুঁজে বের করব: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে দুটি আত্মঘাতী হামলায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করা হবে।
তিনি পেন্টাগনকে হামলাকারীদের ওপর পাল্টা হামলার পরিকল্পনা তৈরি করতে বলেছেন।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ১৩ আমেরিকান সেনা ও অন্তত ৬০ আফগান বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর বাইডেন এ কথা বলেছেন।
এই দিনটিকে এক দশকের মধ্যে মার্কিন বাহিনীর জন্য হতাহতের সবচেয়ে খারাপ দিন হিসেবে ধরা হচ্ছে।
ইসলামিক স্টেট (আইএস) আমাক নিউজের মাধ্যমে কাবুলে হামলার দায় স্বীকার করেছে।
হোয়াইট হাউসে এক বক্তৃতায় হামলাকারীদের উদ্দেশে বাইডেন বলেন, 'আমরা ক্ষমা করবো না, আমরা ভুলে যাব না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং এর জন্য তোমাদের মূল্য দিতে হবে।'
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, 'আমরা সন্ত্রাসীদের দ্বারা হতাশ হবো না। তাদেরকে আমাদের মিশন বন্ধ করতে দেব না। আমরা লোকজন সরিয়ে নেওয়া কাজ অব্যাহত রাখব।'