আফগান সীমান্ত থেকে পাকিস্তানে হামলা বেড়েছে, দাবি ইসলামাবাদের

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তান সীমান্ত থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এ ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

আজ রোববার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আজ এক বিবৃতিতে বলেছে, সীমান্তের ওপার থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে। এসব হামলা থামাতে ইসলামাবাদ বার বার আফগান কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলেছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

গত বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।  

আফগানিস্তানে পাকিস্তানের কথিত বিমান হামলার একদিন পর এ বিবৃতি দিলো পাকিস্তান। বিমান ঘটনায় ইতোমধ্যেই ২ প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

হামলার প্রতিবাদে গতকাল শনিবার কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও তলব করেছে তালেবান কর্তৃপক্ষ। তবে, কাবুলে পাকিস্তানের দূতাবাস বিমান হামলার দায় অস্বীকার করেছে।  

তালেবান কর্তৃপক্ষ বলছে, গত বছরের আগস্টে আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে তারা আন্তঃসীমান্ত হামলায় লাগাম টেনেছে।