আফগান সীমান্তে গোলাগুলিতে ২ পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় আফগান সীমান্তের ওপার থেকে হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা রবিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের ওপারে আফগানিস্তানের অভ্যন্তর থেকে হামলাকারীরা বাজৌর জেলার একটি সামরিক পোস্টে গুলি চালায়। একে পাকিস্তানি সেনারাও পাল্টা সাড়া দেয়। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীর আগুনের কারণে দুই থেকে তিন জন হামলাকারী নিহত হয় এবং তিন থেকে চার জন আহত হয়।
নিহত দুই পাকিস্তানি সেনা হলেন- ২৮ বছর বয়সী সিপাহী জামাল এবং ২১ বছর বয়সী সিপাহী আয়াজ।
সামরিক বাহিনীর মিডিয়া শাখা বলেছে, আফগান মাটি ব্যবহার করে এ ধরনের হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানায় পাকিস্তান।