আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের পতাকা
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ২০তম বার্ষিকী পালনের সময় গতকাল আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসে নিজেদের পতাকা উড়িয়েছে তালেবান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
তালেবানের সংস্কৃতি কমিশনের মাল্টিমিডিয়া শাখার প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানান, একটি অনাড়ম্বর অনুষ্ঠানে আল-কুরআনের আয়াত সম্বলিত সাদা রঙের পতাকা উত্তোলন করেন তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।
পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বলে জানান মুত্তাকি। এ সপ্তাহের শুরুর দিকে তালেবানরা সরকার গঠনের ঘোষণা দেয়। মন্ত্রীসভায় শুধু তালেবান পুরুষ সদস্যরাই অন্তর্ভুক্ত হয়েছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে হতাশ করেছে। আগে তালেবানরা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সরকারে সব সম্প্রদায়ের অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।
২০০১ সালে তালেবানের পতনের পর আফগানিস্তানের প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন হামিদ কারজাই। তিনি এই দিবস উপলক্ষে এক টুইটবার্তায় 'শান্তি ও স্থিতিশীলতার' আহ্বান জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নারীবিহীন ও শুধু তালেবানদের নিয়ে গঠিত তত্ত্বাবধায়ক মন্ত্রীসভা সব গোত্র ও সম্প্রদায়ের সদস্যদের নিয়ে এমন একটি সরকার গঠন করবে, যেটি সমগ্র আফগানিস্তানের প্রকৃত রূপের প্রতিফলন ঘটাবে।
তিনি স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে একটি বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ২০তম বার্ষিকী পালন করেন। তিনি কাবুলে উঁচু প্রাচীর ঘেরা কম্পাউন্ডে তার পরিবারের সদস্যদের সঙ্গে আগস্ট মাস থেকে বাস করছেন। সেখানেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তালেবানের উচ্চ শিক্ষা সংক্রান্ত পরিচালক মৌলবি মোহাম্মদ দাউদ হাক্কানি জানান, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর হচ্ছে সেই দিনটি, যে দিন থেকে 'সারাবিশ্ব আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে এবং মার্কিনরা আমাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদের দেশে হামলার জন্য দায়ী করা শুরু করে।'
একজন আত্মস্বীকৃত নাগরিক সমাজ মানবাধিকার কর্মী আট্টা জাকিরি জানান, যুক্তরাষ্ট্র ৯/১১ হামলার পর আফগানিস্তানে হামলা করে ভুল করেছিল।
তিনি কয়েক প্রজন্ম ধরে গোঁড়া তালেবান যোদ্ধা তৈরির পেছনে এই হামলাকে দায়ী করেন।
তিনি বলেন, 'তালেবানদের থাকতে দেওয়া উচিৎ ছিল। কেন আমরা তাদের সঙ্গে কাজ করিনি? পরবর্তীতে তারা (তালেবান) যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এখন আমরা আবারও ২০ বছর আছে যেখানে ছিলাম, সেখানেই ফিরে গেছি।'