আফগান নারীদের খেলাধুলায় নিষিদ্ধ করবে তালেবান
আফগানিস্তানে নারীদের খেলাধুলায় নিষিদ্ধ করবে তালেবান সরকার।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, 'খেলাধুলায় নারীদের উপযুক্ত বা প্রয়োজনীয় মনে করা হয় না।'
দেশটির জাতীয় নারী ক্রিকেট দলকে নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি না নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে। কারণ নারীদের ক্রিকেট খেলা প্রয়োজনীয় কিছু না।'
'ক্রিকেটে, তারা (নারীদের) এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে যেখানে তাদের মুখ ও শরীর ঢাকা থাকবে না। ইসলাম নারীদের এভাবে দেখার অনুমতি দেয় না।'
তিনি আরও বলেন, 'এখন মিডিয়ার যুগ এবং খেলাধুলার ছবি ও ভিডিও থাকবে এবং তারপর মানুষ এটি দেখবে। ইসলাম এবং ইসলামী আমিরাত (আফগানিস্তান) নারীদের ক্রিকেট খেলতে দেবে না বা এমন কোনো ধরনের খেলাধুলা করতে দেবে না যেখানে তাদের সবার সামনে আসতে হয়।'
এদিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নারী ক্রিকেট দল নিষিদ্ধ করার ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে নারীদের সব খেলাধুলার অনুষ্ঠান ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে।
গত মাসে তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্রিকেটারসহ নারী খেলোয়াড়রা আফগানিস্তানে আত্মগোপনে আছেন। কয়েকজন নারী মাঠে খেলতে গেলে তালেবানরা তাদেরকে সহিংসতার হুমকি দিয়েছে।
সরকার গঠনের আগে নারীদের অধিকার রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও নতুন তালেবান সরকারে কোনো নারী নেতৃত্ব নেই। নারীদের খেলাধুলা নিষিদ্ধ ও সরকারে কোনো নারী নেতৃত্ব না থাকা নতুন আফগান সরকার নারী অধিকার সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি কতটুকু রক্ষা পাবে এই নিয়ে প্রশ্ন উঠছে।