আফগান জনগণ প্রতিরোধ অব্যাহত রাখবে: মাসুদ

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের প্রয়াত জাতীয় বীর আহমাদ শাহ মাসুদের ছেলে এবং প্রতিরোধ ফ্রন্টের নেতা আহমাদ মাসুদ বলেছেন, পরাজয় তখনই হয় যখন কেউ ন্যায়ের লড়াই ছেড়ে যায়। আফগানিস্তানের জনগণ কখনো হাল ছাড়বে না।

টোলোনিউজ জানিয়েছে, আজ শনিবার মাসুদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, আফগান জনগণ স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করছে। তারা কখনোই প্রতিরোধ ছেড়ে দেবে না।

তিনি লিখেছেন, 'আমরা কখনোই স্রষ্টা, স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য লড়াই বন্ধ করব না।'

মাসুদের মতে, প্রতিরোধ এখন শুধু পাঞ্জশিরের মধ্যে সীমাবদ্ধ নয়। আফগান নারীরাও এতে যোগ দিয়েছেন। তারা তাদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

পোস্টে তিনি আরও লিখেছেন, 'এখন পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা পাঞ্জশির প্রতিরোধ অথবা হেরাতে অধিকারের জন্য আওয়াজ তোলা আমাদের উদ্যমী বোনদের প্রতিরোধ দেখিয়ে দিচ্ছে যে, জনগণ তাদের ন্যায়সঙ্গত দাবি ছেড়ে দেয়নি। তারা তাদের ন্যায়সঙ্গত প্রতিরোধ ছাড়বে না এবং কোনো হুমকিতে ভয় পাবে না।'