আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ভুল ছিল: যুক্তরাজ্য

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। হুঁশিয়ারি দিয়ে দেশটি বলেছে, তালেবানের পুনরুত্থান চরমপন্থীদের জন্য একটি প্রজননক্ষেত্র তৈরি করবে যা বিশ্বকে হুমকিতে ফেলবে।

আজ শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে।

তালেবানরা অধিকাংশ অঞ্চল দখলে নেওয়ায় আফগানিস্তান থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে গতকাল ৬০০ সেনা পাঠানোর ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

স্কাই নিউজ টেলিভিশনকে তিনি বলেন, 'সেনা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্ত সেখানে একটি খুব বড় সমস্যা তৈরি করেছে। এটা তালেবানদের সাহস বাড়িয়ে দিয়েছে।'

তালেবানদের উত্থান আল কায়েদাকে উপকৃত করবে এমন ধারণা করে তিনি বলেন, 'অবশ্যই আল কায়েদা আবার ফিরে আসবে এবং তা আমাদের জন্য এক ধরনের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াবে।'