আফগানিস্তান থেকে বাংলাদেশিসহ প্রবাসী কর্মীদের ফিরিয়ে আনছে ব্র্যাক

আফগানিস্তানে কর্মরত বাংলাদেশিসহ প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে নিজ নিজ দেশে ফিরিয়ে আনছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক।
এতে জানানো হয়, দেশটির ১০টি প্রদেশে প্রায় ৩০০০ ব্র‍্যাক কর্মী কাজ করছেন। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
প্রবাসী কর্মীদের মধ্যে ৩ জন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন যাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। বাকি ৯ জন বাংলাদেশির মধ্যে ৩ জন দেশটি থেকে শুক্রবার বিমানযোগে রওনা দেন এবং বাকি ৬ জনের আগামী ২২ তারিখের মধ্যে রওনা দেওয়ার কথা আছে।
ব্র্যাক জানায়, আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার শুরুর পর থেকে দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে ব্র‍্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।
ব্র‍্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বলেন, 'আফগানিস্তানে কর্মরত কর্মীদের ঝুঁকি নিরসন করে তাদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ব্র‍্যাক ইন্টারন্যাশনাল।'
গত ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র‍্যাক ইন্টারন্যাশনাল।