আফগানিস্তান ত্যাগ করা শেষ মার্কিন সেনা ক্রিস ডোনাহু

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন সেনাবাহিনীর সর্বশেষ সদস্য হিসেবে মেজর জেনারেল ক্রিস ডোনাহু আফগানিস্তানের মাটি ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন।

আজ মঙ্গলবার বিবিসি'র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্রিস ডোনাহু মার্কিন সেনাবাহিনীর ৮২তম বিমানবাহী বিভাগের ১৮তম এয়ারবোর্ন কর্পসের অধিনায়ক।

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সি-১৭ কার্গো বিমানে করে আজ স্থানীয় সময় ভোররাত ৩টা ১৫ মিনিটে কাবুল ত্যাগ করেন তিনি।

এর মধ্য দিয়ে আফগানিস্তানে আমেরিকার প্রায় ২০ বছর যুদ্ধের আনুষ্ঠানিক অবসান হলো।

গতকাল সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি বলেন, 'আমি আফগানিস্তান থেকে আমাদের সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার ঘোষণা দিচ্ছি। আমেরিকার সব নাগরিকদের সরিয়ে নেওয়ার মাধ্যমে সেখানে আমাদের সামরিক অভিযানের সমাপ্তি হলো।'