আফগানিস্তানে স্কুল খুলছে শুধু ছেলেদের জন্য
আফগানিস্তানে শুধু ছেলেদের জন্য স্কুল খোলার অনুমতি দিয়েছে তালেবান। তবে মেয়েদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার শুধু ছেলেদের জন্য স্কুল খোলার আদেশ দিয়েছে তালেবান। সেসময় মেয়েদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেছেন, 'গ্রেড ৭ থেকে ১২ পর্যন্ত শুধু ছেলেদের জন্য আজ শনিবার থেকে স্কুল খোলা হবে।'
এক বিবৃতিতে তিনি বলেন, 'শুধু পুরুষ শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন।'
এর আগে, গ্রেড ৭ এর নিচের শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
তালেবানের আদেশে বলা হয়, 'সব স্কুল ও মাদ্রাসা আজ শনিবার থেকে তাদের কার্যক্রম শুরু করবে।'
এর আগে, তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল যে, ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারবে, তবে তাদের শ্রেণীকক্ষ আলাদা হবে এবং তাদের বাধ্যতামূলকভাবে শরীয়াভিত্তিক পোশাক পরতে হবে।