আফগানিস্তানে সরকারি বিশ্ববিদ্যালয় শিগগিরই খুলবে: তালেবান

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খুলে দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার আফগান সংবাদমাধ্যম টোলোনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেন, 'প্রস্তুতি ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে। ইসলামিক আমিরাত আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো শিগগির খুলে দেওয়া হবে এবং শিক্ষা কার্যক্রম চালু হবে।'

প্রায় দুই মাস আগে তালেবান ক্ষমতা দখলের পর থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। তবে কিছুদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আবার চালু হয়েছে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ওমিদ মাওল্লভী জাদা বলেন, 'আমরা অনেকবার শুনেছি যে, তারা একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসের বেশি হয়ে গেছে এখনও পরিকল্পনাটি চূড়ান্ত হয়নি।'

শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেওয়ার জন্য উচ্চশিক্ষা মন্ত্রণালয় গত বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নগুলোর সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছে।

চুক্তিতে রাজধানী ও প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৬০ হাজার শিক্ষার্থীর জন্য ২০ থেকে ৬০ শতাংশ শিক্ষা বৃত্তি ও টিউশন ফি ছাড় দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।