আফগানিস্তানে শুরু হতে পারে গৃহযুদ্ধ: মার্কিন জেনারেল
আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন শীর্ষ মার্কিন জেনারেল স্যার নিক কার্টার।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পাঞ্জশিরে তালেবান বিরোধী লড়াইয়ের প্রসঙ্গে এ কথা জানান।
তিনি বলেন, 'আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অবস্থার কারণে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী পুনরুজ্জীবিত হতে পারে। সন্ত্রাসবাদের ঝুঁকি নির্ভর করবে আফগানিস্তানে কার্যকর সরকার গঠন করা যায় কিনা সেটির ওপরে।'
তালেবানের সরকার গঠন প্রসঙ্গে স্যার নিক বলেন, 'তালেবান কীভাবে দেশ শাসন করবে তা এতো তাড়াতাড়ি বলা যাবে না। কিন্তু তাদের অতীতের তুলনায় কম দমনমূলক হওয়ার সম্ভাবনা আছে।'
তিনি আরও বলেন, 'এই মুহূর্তে, তাদের অবস্থান দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। কিন্তু দেখা যাক কী হয়! তারা ভালো পরিবর্তনও নিয়ে আসতে পারে। তবে আমি এটাও মনে করি যে, তারা এত বোকা নয়। তারা জানে আফগান জনগণ আগের মতো নেই। তাদের পরিবর্তন হয়েছে, তারা এখন একটু ভিন্ন ধরনের শাসন চায়।'
আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, 'তালেবানকে অন্যভাবে শাসন করতে উৎসাহিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।'
'একটি আধুনিক রাষ্ট্রকে কার্যকরভাবে পরিচালনার জন্য তাদের সাহায্যের প্রয়োজন হবে। যদি তারা সঠিক আচরণ করে, তাহলে তারা কিছু সাহায্য পেতে পারে,' বলেন তিনি।
'আফগানিস্তানে তালেবানের দ্রুত উত্থান নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার ভবিষ্যদ্বাণী ভুল ছিল' কিনা জানতে চাইলে জেনারেল স্যার নিক কার্টার বিবিসিকে বলেন, 'এর (তালেবানের উত্থান) গতি আমাদেরকে অবাক করে দিয়েছে। আমি মনে করি না যে আমরা কেউই এটা আগে থেকে বুঝতে পেরেছি যে তালেবানরা কী করার পরিকল্পনা করছে।'
'আমি মনে করি প্রত্যেকেই এ ব্যাপারে ভুল বুঝেছে। এটাই সোজা উত্তর। এমনকি তালেবানরাও আশা করেনি যে তারা এত দ্রুত দৃশ্যপট বদলাতে পারবে। আফগান সরকার কতটা ভঙ্গুর এবং সশস্ত্র বাহিনীর কমান্ডের ক্ষেত্রে তারা কতটা নাজুক, আমি মনে করি না এ ব্যাপারে কেউই সঠিক ভবিষ্যদ্বাণী করেছে,' বলেন তিনি।