আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আইএসের ‘পরিকল্পনাকারী’ নিহত  

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে হামলায় কমপক্ষে ১৭৫ জন আফগান নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার এক দিন পর ড্রোন হামলা চালিয়ে আইএসের 'পরিকল্পনাকারীকে' হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চালে ড্রোন হামলা চালিয়ে 'পরীকল্পনাকারীকে' হত্যা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কাবুলের পূর্বে পাকিস্তান সীমান্তে নানগাহার প্রদেশে এই হামলা চালানো হয়। তবে নিহত ব্যক্তি কাবুল বিমানবন্দরের বাইরে হামলার সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, 'প্রাথমিকভাবে বলা যায়, আমরা আমাদের লক্ষ্য করা ব্যক্তিকে হত্যা করতে পেরেছি। তবে, কোনো সাধারণ মানুষ হতাহত হয়নি।'

আইএস গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে হামলার দাবি করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে কাবুলে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে আইএস এই বোমা হামলা চালিয়েছে।

তিনি বলেছিলেন, 'আমরা তোমাদের খুঁজে বের করবো এবং এর জন্য তোমাদের মূল্য দিতে হবে। আমি আমাদের স্বার্থ ও জনগণকে রক্ষা করব।'