আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০
আফগানিস্তানের কান্দাহার শহরে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, ফাতেমীহ মসজিদের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে সন্দেহ করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি ৩টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
বিস্ফোরণের সময় মসজিদটি প্রচুর মানুষ ছিল। ঘটনাস্থলে অন্তত ১৫টি অ্যাম্বুলেন্স দেখা গেছে।
বিবিসির আফগানিস্তান সংবাদদাতা সেকান্দার কেরমানি জানিয়েছেন, ইসলামিক স্টেটের স্থানীয় শাখা আইএস-কে এ হামলার পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার উত্তরের কুন্দুজ শহরে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত৫০ জন নিহত হন। আইএস-কে ওই হামলার দায় স্বীকার করেছে।