আফগানিস্তানে চিকিৎসককে অপহরণের পর হত্যা

স্টার অনলাইন ডেস্ক

উত্তর আফগানিস্তানে একজন চিকিৎসককে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

শনিবার এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিকিৎসকের ছেলে রোহিন আলেমি বলেছেন, মোহাম্মদ নাদের আলেমিকে ২ মাস আগে মাজার-ই-শরীফ শহর থেকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার মুক্তির জন্য মুক্তিপণ দাবি করে।

তিনি আরও বলেন, তাদের পরিবার মুক্তিপণ দিলেও পরে অপহরণকারীরা আরও দ্বিগুণ মুক্তিপণ দাবি করে।

তার ছেলে জানায়, মুক্তিপণ দেওয়া সত্ত্বেও অপহরণকারীরা আলেমিকে হত্যা করে এবং তার মরদেহ রাস্তায় ফেলে রাখে। অপহরণকারীরা ফোন করে জানিয়ে দিয়েছিল তার মরদেহ কোথায় পাওয়া যাবে।

রোহিন আলেমি বলেন, আমার বাবাকে নির্যাতন করা হয়েছে, তার শরীরে ক্ষতের চিহ্ন আছে।

আলেমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি মাজার-ই-শরীফে সরকারের প্রাদেশিক হাসপাতালে কাজ করতেন। এছাড়া, তিনি একটি বেসরকারি ক্লিনিকের মালিক ছিলেন। যেটিকে শহরের প্রথম বেসরকারি মনোরোগ ক্লিনিকও বলা হয়।