আফগানিস্তানে ‘অন্তর্বর্তী সরকারে'র দায়িত্ব পেতে পারেন জালালি

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন উঠেছে। 
তিনটি কূটনৈতিক সূত্রে এএফপি ও রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ ও সাবেক আফগান মন্ত্রী আলী আহমাদ জালালি জার্মানিতে আফগান রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন। কাবুলে জন্মগ্রহণ করলেও ১৯৮৭ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান এবং মেরিল্যান্ডে বসবাস করতে শুরু করেন। 
২০০৩ সালে তিনি আফগানিস্তানে ফিরে আসেন এবং সেই সময়ে অন্তর্বর্তী সরকারের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। ২০০৫ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। 
আলী আহমাদ জালালি আফগানিস্তান সেনাবাহিনীর একজন সাবেক কর্নেল। তিনি সোভিয়েত আক্রমণের সময় পেশোয়ারে আফগান প্রতিরোধ সদর দপ্তরের শীর্ষ উপদেষ্টা ছিলেন।