আফগানিস্তানের ৮৫ শতাংশ দখলের দাবি তালেবানের

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তান ভূখণ্ডের ৮৫ শতাংশ দখল করে নিয়েছে বলে দাবি করেছে তালেবানরা। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির বর্তমান সরকার।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তালেবানের এই দাবির পর দেশটিতে ওষুধ প্রাপ্তি ও সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এতে একধরনের আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা দাবি করছেন, প্রায় ২০ বছর পর আমেরিকাসহ বিদেশি সৈন্যরা দেশটি থেকে সরে যাওয়ায় তালেবান এমন প্রচারণা চালাচ্ছে। তালেবানের এমন প্রচারণাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তারা।

তবে স্থানীয় আফগান কর্মকর্তারা বলেছেন যে, তালেবানরা হেরাত প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা দখলে নিয়েছে। সেখানে কয়েক হাজার ফার্সিভাষী হাজারাস উপজাতি বাস করেন।

আফগান ও তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, তুর্কমেনিস্তানের সীমান্তের উত্তরের একটি শহর তোড়গুন্দিও রাতারাতি দখলে নিয়েছে তালেবান।

তালেবান কর্মকর্তা শাহাবুদ্দিন দেলাওয়ার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইসলামিক স্টেট যাতে আফগান ভূ-খণ্ডে কাজ না করতে পারে সেজন্য আমরা সকল ধরনের উদ্যোগ নিবো এবং আমাদের এলাকা প্রতিবেশীদের বিরুদ্ধে কখনও ব্যবহার করা হবে না।’

তিনি বলেন, ‘সমগ্র বিশ্ব সম্প্রদায় সম্ভবত জেনেছে যে আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূ-খণ্ড তালেবানদের নিয়ন্ত্রণে এসেছে।’